BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

চোর ধরে ১০০ রাকাত নামাজ পড়ালেন স্থানীয়রা!

চট্টগ্রামের মিরসরাইয়ে সিএনজি অটোরিকশা চোরচক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ছেড়ে দিয়েছেন স্থানীয়রা।

বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার মিঠাছড়া বাজারের গাংচিল ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আটক তিনজনের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—বারইয়ারহাট এলাকার বেলাল হোসেন ও পূর্ব মোটবাড়িয়া এলাকার রিফাত হোসেন। অপরজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে তিন সদস্যের একটি চক্র মিঠাছড়া বাজার এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরি করে নিয়ে যায়। পরে স্থানীয়রা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চক্রটির সদস্যদের শনাক্ত করার চেষ্টা করেন।

এরপর বুধবার রাতে চক্রটির তিন সদস্যকে স্থানীয়রা আটক করেন। তাদের আর চুরি করবেন না—এমন প্রতিশ্রুতি দিয়ে তওবা পড়ানো হয়। পরে তাদের ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় যুবদল নেতা আমজাদ হোসেন বাবু বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে অপরাধীদের সংশোধনের সুযোগ দিতে এবং শারীরিক নির্যাতন এড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা নুর হোসেন মিয়া বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত। বুধবার তাদের হাতেনাতে আটক করা হয়। পরে কোনো ধরনের আঘাত না করে তওবা পড়িয়ে নামাজ আদায়ের সুযোগ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে বিষয়টি সম্পর্কে মিরসরাই থানার পুলিশ অবগত নয় বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, মিঠাছড়া এলাকায় চোর আটক করে নামাজ পড়ানোর বিষয়ে তারা কিছু জানেন না। এ ঘটনায় থানায় কেউ অভিযোগও করেননি।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »