BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দেশে আসলেই শেখ হাসিনাকে জেলে যেতে হবে!

ভারত থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া হলে দেশের আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, পরে তাকে কারাগারে যেতে হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি কোথায় বসে কী বলছেন, সেটি বিবেচ্য বিষয় নয়। শেখ হাসিনাসহ তার দলের অনেক নেতা-কর্মী ভারতে অবস্থান করছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ করছে। বিষয়টি ভারতের বিচার বিভাগও দেখছে বলে জানান তিনি।

সভায় ‘মক্কা প্যাক্ট’ প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, এই প্রতিরক্ষামূলক সাময়িক জোটে বাংলাদেশ যোগ দেবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

শামা ওবায়েদ বলেন, ভবিষ্যতে বাংলাদেশ কোনো নতুন ফোরাম বা জোটে যুক্ত হওয়ার আগে দেশের পররাষ্ট্রনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কোনো জোট বা ফোরাম দেশের মানুষের স্বার্থ ও উপকারে আসবে কি না, তা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, মক্কা প্যাক্টে বাংলাদেশ যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্তের সময় এলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি জানানো হবে।

মতবিনিময় সভায় মাদারীপুরের জেলা প্রশাসক নার্গিস আক্তারের সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা, পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »