BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বন্ধুর মৃত্যুর শোকে প্রাণ গেল আরেক বন্ধুর!

ক্যানসার আক্রান্ত বন্ধুকে চিকিৎসার জন্য ভারতে নিয়ে গিয়ে নিজেই আর ফিরে এলেন না বিল্লাল মাঝি (৫০)। পথিমধ্যে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। আর এই শোক সহ্য করতে না পেরে পরদিনই মারা যান অসুস্থ বন্ধু হাবিবুর রহমান (৫৭)। দুই বন্ধুর এই করুন বিয়োগান্তে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহত বিল্লাল মাঝি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইশ গ্রামের করম আলী মাঝির ছেলে এবং হাবিবুর রহমান একই জেলার কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের আসাম উদ্দিনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, ক্যানসারে আক্রান্ত বন্ধু হাবিবুর রহমানকে চিকিৎসায় সহযোগিতা করতে ২৫ দিন আগে ভারতের কলকাতায় যান বিল্লাল মাঝি। কলকাতার ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে চিকিৎসা শেষে গত ৯ আগস্ট তাঁরা দেশের উদ্দেশে রওনা হন। তবে পথিমধ্যে হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন বিল্লাল। তাঁকে দ্রুত ‘এমআর ভাঙ্গুর ডিস্ট্রিক্ট স্পেশালাইজড হাসপাতালে’ নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে পরম বন্ধুর এই আকস্মিক মৃত্যুর শোক সহ্য করতে পারেননি অসুস্থ হাবিবুর রহমান। বন্ধুর মৃত্যুর পরদিনই একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনিও। বর্তমানে দুই বন্ধুর মরদেহ ভারতে ওই হাসপাতালের হিমাগারেই রাখা আছে।

নিহত বিল্লাল মাঝির মেয়ে আফরোজা আক্তার আকুতি জানিয়ে বলেন, "দুই বন্ধুর এই মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। আমরা চাই তাঁদের লাশ যেন দেশের মাটিতে এনে দাফন করতে পারি। এর জন্য সরকারের সার্বিক সহযোগিতা কামনা করছি।"

এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম জানান, মরদেহ দুটি দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, স্বজনরা যোগাযোগ করলে আইনি প্রক্রিয়া মেনে মরদেহ দুটি দেশে আনার বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »