হবিগঞ্জের লাখাইয়ে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামে রায়হান উদ্দিনের বাড়িতে গিয়ে অনশনে বসেন তিনি।
শুক্রবার (১৪ আগস্ট) সকালেও ওই তরুণী অনশন চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ওই তরুণীর দাবি, প্রায় দুই বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে রায়হানের সঙ্গে তার পরিচয় হয়। পরে নিয়মিত ফোনে কথা বলতে বলতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
তরুণী জানান, সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পর রায়হান তাকে বিয়ে করে সংসার করার আশ্বাস দেন। একপর্যায়ে তাকে ঢাকার চানখারপুল এলাকার একটি বাসায় নিয়ে যান। সেখানে তারা প্রায় এক সপ্তাহ অবস্থান করেন। এ সময় তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয় বলে দাবি করেন তিনি।
পরে রায়হান তাকে ঢাকার একটি সড়কে রেখে চলে যান বলে অভিযোগ করেন ওই তরুণী। এরপর তিনি রায়হানের বাড়িতে এসে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে বসেন। স্বীকৃতি না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
স্থানীয় ইউপি সদস্য নুরে আলম জানান, বৃহস্পতিবার দুপুরে ওই তরুণী রায়হানের বাড়িতে এসে অনশনে বসেন। বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও রায়হানের পরিবার রাজি না হওয়ায় তা সম্ভব হয়নি। বিষয়টি থানাকেও জানানো হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, বিষয়টি তিনি শুনেছেন। শুক্রবার সকালে স্থানীয় একজন তাকে ফোন করে ঘটনাটি জানিয়েছেন। তবে এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি।
