BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে’: মোদি

‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে’—এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গত ১৩ বছরে ভারতের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির চিত্র তুলে ধরার পাশাপাশি কংগ্রেসের নেতৃত্বাধীন সাবেক ইউপিএ সরকারকে কটাক্ষ করেছেন তিনি।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রিয় ভিডিও গেম ‘জিটিএ-৬’ মুক্তির বিষয়টিকে কেন্দ্র করে ভারতের অগ্রগতির চিত্র তুলে ধরেছেন মোদি। তার সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত পোস্টে ২০১৩ সালে ‘জিটিএ-৫’ মুক্তির পর থেকে ‘জিটিএ-৬’ আসা পর্যন্ত ভারতের বিভিন্ন পরিবর্তন ও অর্জন তুলে ধরা হয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে।’

পোস্টে ব্যবহৃত একাধিক ছবিতে গত এক দশকে দারিদ্র্য কমে আসাসহ বিভিন্ন অর্জনের কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে কংগ্রেসের নেতৃত্বাধীন আগের ইউপিএ সরকারের সমালোচনাও করা হয়েছে। ছবিগুলোতে ‘প্রাইসডাউন’ ফন্ট ব্যবহার করা হয়েছে, যা ‘জিটিএ’ গেম সিরিজের প্রচ্ছদ ও প্রচারণায় পরিচিত।

মোদির পোস্টে বলা হয়েছে, একসময় ‘ফ্র্যাজাইল ফাইভ’ বা ঝুঁকিপূর্ণ পাঁচ অর্থনীতির একটি হিসেবে পরিচিত ভারত এখন বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতিতে পরিণত হয়েছে। ২০১৩ সালের আগস্টে মরগান স্ট্যানলির এক বিশ্লেষক ‘ফ্র্যাজাইল ফাইভ’ শব্দটি ব্যবহার করেন। বিদেশি পুঁজির ওপর অতিরিক্ত নির্ভরশীল এবং বৈশ্বিক আর্থিক পরিস্থিতির পরিবর্তনে ঝুঁকিতে থাকা পাঁচটি উদীয়মান অর্থনীতিকে বোঝাতে শব্দটি ব্যবহার করা হয়েছিল। দেশগুলো হলো ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক। বর্তমানে ওই তালিকায় ভারতের নাম নেই।

ভারতের অন্যান্য অর্জন হিসেবে পরিচ্ছন্নতা অভিযান, সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, মহাকাশ প্রযুক্তি খাতে ৪৪০টি নিবন্ধিত স্টার্টআপ এবং বিদ্যুতায়নের অগ্রগতির কথা তুলে ধরা হয়েছে পোস্টে। এ ছাড়া উচ্চগতির ইন্টারনেটের দাম প্রতি গিগাবাইটে ৩০৮ রুপি থেকে কমে ৭ দশমিক ৫১ রুপিতে নেমে আসার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

পোস্টে আরও বলা হয়েছে, মাওবাদমুক্ত দেশ হিসেবে ভারতের আত্মপ্রকাশ এবং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ বাড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জনপ্রিয় সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ ব্যবহার করে থাকেন মোদি। পোস্টটি প্রকাশের ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে প্রায় ৬০ হাজার লাইক ও দুই হাজার মন্তব্য পড়ে। প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ ব্যবহারকারী পোস্টটির প্রশংসা করেছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মধ্যরাতে মুক্তি পেয়েছে ‘জিটিএ-৬’। এর আগের মূল সংস্করণ ‘জিটিএ-৫’ মুক্তি পেয়েছিল ১৩ বছর আগে।

ডিজিটাল ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, জনপ্রিয় এই ভিডিও গেম সিরিজের নতুন সংস্করণটি তৈরিতে ১০০ কোটি ডলারের বেশি ব্যয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুক্তির আগেই গেমটির প্রি-অর্ডার থেকে আয় হয়েছে প্রায় ১১০ কোটি ডলার, যা কোনো গেমের ক্ষেত্রে প্রি-অর্ডার থেকে সর্বোচ্চ আয়ের রেকর্ড বলে উল্লেখ করা হয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »