BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

জামায়াত নেতার মাদ্রাসায় মিলল সরকারি ধানের বীজ!

চট্টগ্রামের লোহাগাড়ায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা ১৩ বস্তা আমন ধানের বীজ একটি মাদ্রাসার তালাবদ্ধ কক্ষ থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মাদ্রাসাটির ভারপ্রাপ্ত সুপার ও চরম্বা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির শামসুল ইসলাম হেলালীর পরিচালনায় প্রতিষ্ঠানটি রয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদ্রাসায় অভিযান চালিয়ে এসব বীজ উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদ্রাসা পরিদর্শনে গিয়ে সুপারের কার্যালয়ের পাশে একটি কক্ষ তালাবদ্ধ দেখতে পান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদ-বিন-আকন্দ। পরে কক্ষটি খুলে ১৩ বস্তা আমন ধানের বীজ পাওয়া যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম জানান, প্রায় ২০ দিন আগে কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য এসব বীজ দেওয়া হয়েছিল। চরম্বা ইউনিয়নের কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য দুই প্রতিনিধির মাধ্যমে বীজগুলো পাঠানো হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা বিতরণ করা হয়নি।

কৃষি কর্মকর্তা বলেন, সরকারি বরাদ্দের বীজ কীভাবে একজন রাজনৈতিক নেতার কাছে গিয়ে মাদ্রাসায় সংরক্ষিত ছিল এবং কেন সময়মতো বিতরণ করা হয়নি—বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে শামসুল ইসলাম হেলালী বলেন, কৃষকদের বিতরণের জন্য মোট ১৭ বস্তা বীজ দেওয়া হয়েছিল। এর মধ্যে চার বস্তা বিতরণ করা হয়েছে। বাকি ১৩ বস্তা মাদ্রাসায় রাখা হয়েছিল এবং ব্যস্ততার কারণে সেগুলো আর বিতরণ করা সম্ভব হয়নি।

পরে উদ্ধার করা ১৩ বস্তা বীজ স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ-বিন-আকন্দ। একই সঙ্গে মাদ্রাসার সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

সরকারি কৃষি উপকরণ নির্ধারিত সময়ে ও সঠিকভাবে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছিল কি না, তা যাচাই করতেও তদন্ত চলছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »