BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়ে সড়কে প্রাণ গেল প্রবাসীর!

ছুটিতে বাড়ি এসে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সৌদি আরবপ্রবাসী ইয়াছিন আহমেদ (২৭)। এ দুর্ঘটনায় তাঁর স্ত্রী তুলি বেগম (২১) গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড সংলগ্ন মালিহাতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন ভৈরব পৌর শহরের কমলপুরের মুসলিমের মোড় এলাকার প্রয়াত বাক্কী মিয়ার ছেলে। তিনি পরিবারের একমাত্র ছেলে সন্তান ছিলেন। তাঁর দুই বছর বয়সী এক শিশুপুত্র রয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ভৈরব কমলপুর মাদ্রাসা মাঠে জানাজা শেষে পৌর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

পরিবার ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় ১৭ মাস আগে সৌদি আরবে যান ইয়াছিন। গত ২৪ জুলাই দুই মাসের ছুটিতে তিনি দেশে আসেন। আগামী ১৭ অক্টোবর আবার কর্মস্থলে ফেরার কথা ছিল তাঁর।

বুধবার বিকেলে শিশু সন্তানকে বাড়িতে রেখে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে সরাইলের তিতাস নদী সংলগ্ন এলাকায় ঘুরতে যান ইয়াছিন। সেখান থেকে বাড়ি ফেরার পথে মালিহাতা এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি চলন্ত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই ইয়াছিনের মৃত্যু হয়। আর স্ত্রী তুলি বেগমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »