BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ, আগামী পাঁচ বছরে আরও বাড়বে: প্রধানমন্ত্রী

দেশের ইতিহাসে এবারই জাতীয় বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী পাঁচ বছরে শিক্ষা খাতে বাজেট ধীরে ধীরে আরও বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন, প্রযুক্তির ব্যবহার, নতুন সিলেবাসের বই এবং শিক্ষকতার পেশাগত মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার, যেখানে দেশের কোনো শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে না। চলতি বছরই শিক্ষার্থীদের নতুন সিলেবাস অনুযায়ী পাঠ্যবই দেওয়ার কথাও জানান তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের বইবিমুখতা ঠেকাতে আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন।

শিক্ষার পাশাপাশি কারিগরি ও ব্যবহারিক জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, সময়ের সঙ্গে শিক্ষাদানের পদ্ধতিতেও পরিবর্তন আনা জরুরি। প্রযুক্তিকে শিক্ষকের বিকল্প হিসেবে নয়, বরং শিক্ষাদানের সহায়ক হিসেবে ব্যবহার করতে হবে।

ADS Payra UP Election

এ লক্ষ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম সম্প্রসারণ এবং বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় টিচার্স ট্রেনিং কলেজগুলো আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শিক্ষকতা পেশার মর্যাদা ও আকর্ষণ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তারেক রহমান। তিনি বলেন, শিক্ষকতা কখনোই ‘উপায়হীন বিকল্প’ পেশা হতে পারে না। মেধাবীরা যেন শিক্ষকতাকে তাদের পছন্দের প্রথম সারির পেশা হিসেবে বেছে নেন, সে অনুযায়ী শিক্ষক নিয়োগ ও অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানান তিনি।

বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষকদের মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়নের বিষয়টিও গুরুত্ব পায়। এদিন বিভিন্ন পর্যায়ের গুণী শিক্ষকদের সম্মাননা দেওয়ার আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আরও দক্ষ ও যুগোপযোগী করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। সে লক্ষ্যেই আগামী বছরগুলোতে শিক্ষাখাতে বরাদ্দ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »